BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী, সাজসজ্জা ও মানুষের আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন তিনি। এ ছাড়া ঐতিহাসিক পানাম নগরী, জামদানি পল্লী ও ঐতিহ্যবাহী বোস কেবিনও ঘুরে দেখেন মার্কিন এই কূটনীতিক।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম দুর্গাপূজা। এমন কোথাও যেতে চেয়েছিলাম, যেখানে আগে কোনো মার্কিন রাষ্ট্রদূত যাননি। এখানকার নৃত্যশিল্পী, চমৎকার সাজসজ্জা এবং আন্তরিক আতিথেয়তা, সবকিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

নারায়ণগঞ্জ শহর সফরের অংশ হিসেবে পূজামণ্ডপে যাওয়ার আগে ঐতিহ্যবাহী বোস কেবিনেও যান তিনি। সেখানে চা পান ও আড্ডায় কিছু সময় কাটান। পরে আমলাপাড়া পূজামণ্ডপে গিয়ে দুর্গাপূজার আয়োজন উপভোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, আমলাপাড়া সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহাসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতারা।

এর আগে সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সকাল সাড়ে ৮টার দিকে তিনি পানাম নগরীর বিভিন্ন প্রাচীন স্থাপনা ঘুরে দেখেন। সেখানকার ঐতিহাসিক স্থাপনা ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরে সকাল ৯টার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জামদানি পল্লী পরিদর্শন করেন। সেখানে শিল্পীদের হাতে তৈরি জামদানি শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়া রূপগঞ্জের জামদানি পল্লীও ঘুরে দেখেন তিনি।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, সময় স্বল্পতার কারণে রাষ্ট্রদূত বড় সরদার বাড়ি ও মূল জাদুঘরে প্রবেশ করতে পারেননি। তবে ভবিষ্যতে আবারও সেখানে আসার আশা প্রকাশ করেছেন তিনি।

পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান জানান, পরিবার নিয়ে ব্যক্তিগত সফরে আসা মার্কিন রাষ্ট্রদূত সেখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

সফরকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা। সোনারগাঁয়ে পরিদর্শনের সময় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ✔ ফ্রি ডোমেইন ও ইমেইল
  • ✔ আনলিমিটেড ফ্রি SSL
  • ✔ ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -