BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকীতে ৪নং আঙ্গারিয়া ইউনিয়নে নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলার ৪নং আংগারিয়া ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। এদিকে, নির্বাচনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শুরু হয়েছে আলোচনা ও নানা প্রত্যাশা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন— মো. জহিরুল ইসলাম শাহিন হাওলাদার, মো. দেলোয়ার হোসেন খান, মো. জাহিদ খান এবং মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, মো: আহসান ফারুক। তারা বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন এবং এলাকার উন্নয়নসহ নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন।

আংগারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ৬৮ বছর বয়সী বাসিন্দা মো. সাত্তার মোল্লা বলেন, “আমার বয়স ৬৮ বছর। জীবনে অনেক নির্বাচন দেখেছি। নির্বাচনের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর অনেকেই সেই প্রতিশ্রুতি রাখেন না। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যাকে সব সময় আমাদের পাশে পাব। যিনি শুধু নির্বাচনের সময় নয়, নির্বাচিত হওয়ার পরও মানুষের খোঁজখবর রাখবেন এবং এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন।”

অন্যদিকে, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ২২ বছর বয়সী বাসিন্দা রফিক বলেন, “৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা নতুন প্রজন্ম এমন একজন চেয়ারম্যান নির্বাচিত করতে চাই, যিনি তরুণদের প্রত্যাশা বুঝবেন এবং তাদের উন্নয়নে কাজ করবেন। আমাদের এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে তরুণ সমাজ সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে এমন একজন যোগ্য, সৎ ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। বিশেষ করে গ্রামীণ সড়কের উন্নয়ন ও সংস্কার, কৃষি খাতের সমস্যা সমাধান, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক নিয়ন্ত্রণ এবং ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার দাবি জানিয়েছেন তারা।

এ ছাড়া সরকারি বরাদ্দ ও বিভিন্ন সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের মধ্যে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হয়, সেই প্রত্যাশাও রয়েছে স্থানীয়দের। তাদের মতে, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো দল-মত নির্বিশেষে সব মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে জবাবদিহি নিশ্চিত করা।

আংগারিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে প্রার্থীদের যোগ্যতা, সততা, অতীত কর্মকাণ্ড, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার ওপর।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »