BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা

বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ এবং নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার প্রত্যয়ে জামালপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় জামালপুর জেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এ সময় জামালপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক আমির উদ্দিনকে আহ্বায়ক এবং রোজিনা আক্তারকে সদস্যসচিব মনোনীত করা হয়।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা। জামালপুর জেলা কো-অর্ডিনেটর রোজিনা আক্তারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন শারমিন খানম।

এ সময় বক্তব্য দেন সংগঠনটির ঢাকা মহানগর কো-অর্ডিনেটর আশিক মাহমুদ, শিক্ষাবিদ ও সমাজকর্মী অধ্যাপক আমির উদ্দিন, আহলে বায়াত জামালপুর জেলা শাখার সভাপতি আতিয়ার হোসেন চিশতি, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মিজানুর রহমান পারভেজ, জাসদের (জেএসডি) সহসভাপতি মো. আব্দুল খালেক এবং নিরাময় হেলথ কমপ্লেক্সের মালিক ডা. সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

মুখ্য আলোচক এসএম সামসুল হুদা বলেন, বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভায় জামালপুর জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Pearl IT
✔ ওয়েব ডিজাইন
✔ গ্রাফিক্স ডিজাইন
✔ কন্টেন্ট পাবলিশিং
✔ এসইও সার্ভিস
অর্ডার করুন »