BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শরীয়তপুরে সুফি-সাধক ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা

বিদ্বেষ ও বিভাজনের বিপরীতে সহাবস্থান, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে শরীয়তপুরে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শরীয়তপুর শহরের ড্রিম ল্যান্ড রেস্টুরেন্টে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

শরীয়তপুর জেলা আশেকানে আউলিয়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু আলম মাদবরের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মাদারীপুর অঞ্চলের সমন্বয়ক আতাউর রহমান। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহাবুব আলম মাহফুজ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহাবুব আলম মাহফুজ বলেন, বাউল ও সুফি সাধকদের প্রেমময় দর্শন এবং বুদ্ধিজীবী, সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সম্প্রীতির নতুন মেলবন্ধন গড়ে উঠবে। ধর্মীয় উগ্রবাদ, বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ‘সবার জন্য বাংলাদেশ’ প্ল্যাটফর্মের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর জেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সর্দার, সাবেক কাউন্সিলর ও শরীয়তপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ বেপারী, শরীয়তপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর চৌধুরী, শরীয়তপুর জেলা আশেকে রাসুল দেওয়ানবাগের সভাপতি আনিস উদ্দিন বেপারী, নড়িয়া সুরেশ্বর দরবার শরিফের প্রতিনিধি খলিফা মোহাম্মদ শফিকুল ইসলাম সুরেশ্বরী, শাহ গাউস-এ-পাক দরবার শরিফের প্রতিনিধি ও শরীয়তপুর জেলা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি নেয়ামতুল্লাহ টিপু মাতবর, মোতাহার হোসেন সিকদার চিশতী পাক দরবার শরিফের সভাপতি মোহাম্মদ পায়েল শিকদার, মুছা নূরী পাক দরবার শরিফের প্রতিনিধি রফিকুল ইসলাম নূরী, ফকির নজরুল ইসলাম চিশতী, সাংবাদিক স্বপন সরকার এবং ‘সবার জন্য বাংলাদেশ’-এর কার্যনির্বাহী সদস্য আয়েশা সিদ্দিকা।

এ ছাড়া সভায় স্থানীয় শিক্ষক, বিভিন্ন দরবার ও খানকার প্রধান, সুফি সাধক, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ বিভিন্ন দল ও মতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করে বিদ্বেষমুক্ত, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সংগঠনটির সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »