BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিল পুলিশ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে আটকে দিয়েছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর তাকে প্লেনে উঠতে দেওয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

সূত্র জানায়, গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তার এই সফরটি ছিল ব্যক্তিগত। তবে ইমিগ্রেশন পুলিশ তাকে দেশত্যাগের অনুমতি দেয়নি। বর্তমানে তিনি ইমিগ্রেশন পুলিশের কাছে আছেন। তাকে থানায় নেওয়া হবে নাকি বাড়ি ফিরতে দেওয়া হবে—এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

গোলাম ফারুক বাংলাদেশের নাগরিক হলেও তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।

১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন খন্দকার গোলাম ফারুক। ২০২২ সালের ২৯ অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ৩২ বছর ৮ মাসের কর্মজীবন শেষে অবসরে যান। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন-দুদকে।

১৯৬৪ সালের ১ অক্টোবর টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার ঘাটানদি গ্রামে খন্দকার গোলাম ফারুক জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত খন্দকার হায়দার আলী ও মা মোসাম্মৎ ফাতেমা বেগম। তিনি ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (কৃষি) এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »