ভেড়ামারায় জুয়া খেলার অপরাধে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়া খেলার সময় ১৮ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১১টার দিকে ভেড়ামারা পৌর শহরের দক্ষিণ রোলগেট এলাকায় এই অভিযান চালানো হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে বিজিবি সদস্যরা শাহিনের মুদি দোকানের পাশের একটি ঘরে অভিযান চালান। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে, ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের দোষী সাব্যস্ত করা হয় এবং প্রত্যেককে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৪ ধারা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ভেড়ামারা পৌর চাঁদগ্রামের মো. মিরাজুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান শাহিন (৫২), দৌলতপুরের জয়ভোগা গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রাজন (৩১), একই উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত ছৈয়াদ আলীর ছেলে মো. আসাদুজ্জামান (৪৫), ভেড়ামারার চণ্ডীপুর গ্রামের মীর এনামুল হকের ছেলে মো. বিপুল (৩৮), দৌলতপুরের জয়ভোগা গ্রামের মৃত তৈজদ্দিন হকের ছেলে মো. কিরণ (৩১), নওদাপাড়ার মো. সাবান আলীর ছেলে মো. নাহেদ হাসান, দৌলতপুরের কল্যাণপুর গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে মো. ছোটন (২১), একই উপজেলার আল্লারদর্গা এলাকার আবু বক্করের ছেলে মো. টিপু সুলতান (২৮), চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারের মৃত শওকত আলীর ছেলে মো. জুয়েল রানা (৩৩), চুয়াডাঙ্গার খায়বার মণ্ডলের ছেলে মো. আলীহিম (৩৮), দৌলতপুরের জয়ভোগা গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. রাজন (৩৬), একই উপজেলার কল্যাণপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৫), ভেড়ামারার সাতবাড়ীয়া গ্রামের মৃত রাফেজ উদ্দিনের ছেলে মো. রাজা (৫২), মিরপুরের খাদেমপুর গ্রামের মৃত ছলিমুদ্দিনের ছেলে মো. বাস্তু (৫০), একই উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো. আহসান বিশ্বাস (৫০), কাচারীপাড়ার মো. মোজাহারের ছেলে মো. বাবু হোসেন (৩৮), ঝিনাইদহের শৈলকুপার নলখোলা গ্রামের সোবহান আলীর ছেলে মো. জিল্লুর রহমান (৪২) এবং একই এলাকার ইকরাম শেখের ছেলে মো. রনি (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন বলেন, “জুয়া খেলার অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”