জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের একরামুল হোসেন ভুট্টু মিয়ার ছেলে ফরহাদ হোসেন (৩৩) প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে র্যাবের হাতে আটক হয়েছেন।
ভুক্তভোগী যুবতী জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ফরহাদ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং একাধিকবার ধর্ষণ করে। প্রতিশ্রুতি ভঙ্গ করায় ওই যুবতী ফরহাদের বাড়িতে গিয়ে বিচার চান। কিন্তু সেখানেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত তিনি ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার মিরসরাই থানার খৈয়াছড়া বেলাল এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেফতার করে র্যাব-৫ (সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প) ও র্যাব-৭ (সিপিসি-১, চট্টগ্রাম) এর যৌথ দল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দুপুরে তথ্য নিশ্চিত করেছে জয়পুরহাট র্যাব-৫।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ফরহাদ ভুক্তভোগী যুবতীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করার পাশাপাশি নানা প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে অর্থও হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী যুবতী জয়পুরহাটের ক্ষেতলাল থানায় মামলা করেন (মামলা নং-৩৪, তারিখ ০৮/০১/২০২৪, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা)।
গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।