টাঙ্গাইল শহরে যানজটের দুর্ভোগ চরমে, ক্ষুব্ধ নাগরিকরা
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইল শহরের প্রধান সড়কগুলোতে প্রতিদিনই তীব্র যানজটে নাকাল হচ্ছে শহরবাসী। বিশেষ করে শহরের নতুন বাসস্ট্যান্ড, পুরান বাসস্ট্যান্ড, ভিক্টোরিয়া রোড, পৌর উদ্যান, শহরের কেন্দ্রীয় মসজিদ মোড়—এসব পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এতে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলেও চরম জনদুর্ভোগ তৈরি হচ্ছে।
নগর পরিকল্পনার অভাব, অপরিকল্পিত রিকশা ও অটোরিকশা চলাচল, রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করা যানবাহন এবং ফুটপাতে দোকান বসানো—এসবই যানজটের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের।
শহরের কলেজপড়ুয়া এক শিক্ষার্থী বলেন, “এক কিলোমিটার রাস্তা পার হতে আধাঘণ্টা লেগে যায়। পরীক্ষার দিন সময়মতো পৌঁছানোই দায় হয়ে যায়।”
ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, “আমরা যানজট কমাতে কাজ করছি। তবে রাস্তার প্রশস্ততা কম হওয়ায় ও অনিয়ন্ত্রিত যানবাহনের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।”
কিছুদিন আগে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আন্দোলনের চাপের মুখে পড়ে প্রশাসন থেকে শহরের ক্যাপসুল মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করা হলেও ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সেই অবৈধ দোকানগুলো সেখানে জায়গা করে নিয়েছে।
স্থানীয় নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য জানান, বারবার দাবির পরও টাঙ্গাইল শহরে আধুনিক বাস টার্মিনাল দৃশ্যমান হচ্ছে না, নেই ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকতা, নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। রাস্তার পাশে অবৈধ দোকানপাট ও অপরিকল্পিত রাস্তা নির্মাণের ফলে যানজট দিন দিন ভয়াবহ আকার ধারণ করেছে।
সাধারণ মানুষের দাবি, শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পরিকল্পনা ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করুক পৌর কর্তৃপক্ষ ও প্রশাসন।