BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দলীয় প্রার্থীর বিপক্ষে ‘গোপন আলাপ’, বাউফল বিএনপির সদস্য সচিবকে শোকজ

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফলে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি প্রকাশের পর বিএনপির একাধিক নেতা-কর্মী এটিকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ দাবি করে ফেসবুকে শেয়ার করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপেল মাহমুদ ফিরোজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি। শনিবার (২২ আগস্ট) জেলা বিএনপির অফিসিয়াল নোটিশে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত বাউফল উপজেলা বিএনপির রাজনীতি। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে বিএনপির প্রার্থী পরাজিত হওয়ার পর থেকেই দলের অভ্যন্তরীণ বিরোধ এবং নেতা-কর্মীদের একাংশের বিরোধিতার অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। নতুন করে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ায় সেই বিরোধ ফের প্রকাশ্যে এসেছে।

প্রচারিত অডিওতে আপেল মাহমুদ ফিরোজের কণ্ঠ বলে দাবি করা ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ, ভোটের মাঠে প্রভাবশালী ব্যক্তিদের কাজে লাগানো এবং অর্থের ব্যবস্থা নিয়ে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। কথোপকথনের একপর্যায়ে তিনি ‘ঘরে ঘরে যাওয়ার’ কথা বলেন এবং কয়েকটি এলাকায় নির্দিষ্ট ব্যক্তিদের ‘ধরার’ নির্দেশনাও দেন বলে অডিওতে শোনা যায়।

এ ছাড়া কথোপকথনে দলীয় প্রার্থীর পরিবর্তে জামায়াতের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করা, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ভাই ও ভাতিজাসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগ এবং ভোটের হিসাব-নিকাশ নিয়ে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে অডিওতে যার সঙ্গে আপেল মাহমুদ ফিরোজ কথা বলছেন, তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। তিনি বলেন, বিএনপি বা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে তিনি কখনো কাজ করতে পারেন না। নির্বাচনের সময় তিনি সার্বক্ষণিক দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় ছিলেন বলেও দাবি করেন।

আপেল মাহমুদ ফিরোজের দাবি, আসন্ন পৌর নির্বাচন ও উপজেলা বিএনপির কমিটি ঘিরে তাঁর অবস্থান ভালো থাকায় একটি পক্ষ ষড়যন্ত্র করে এসব অডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

এদিকে, কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। লিখিত জবাব পাওয়ার পর এ বিষয়ে বক্তব্য দেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে থাকা কণ্ঠস্বর আপেল মাহমুদ ফিরোজের বলে দাবি করা হলেও এখন পর্যন্ত কোনো বিশেষজ্ঞ বা ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এর সত্যতা যাচাই করা হয়নি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »