BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের

মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:

 

 

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে হাসান মামুন দাবি করেন, প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের পক্ষ থেকে পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, ভোটারদের মধ্যে কালো টাকা বিতরণ, প্রভাব বিস্তার, হ্যান্ডমাইক ব্যবহার করে মিছিল, নিজেদের কার্যালয় ও কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ করে আতঙ্ক সৃষ্টি, অবৈধ ব্যালট পেপার ছাপিয়ে জাল ভোটের প্রস্তুতি এবং ভোটকেন্দ্র দখলের পরিকল্পনাসহ নানা অপতৎপরতা চালানো হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যাহত করা এবং ভোটারদের মাঝে ভীতির পরিবেশ সৃষ্টি করা।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তার নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে সেগুলোর অসত্যতা প্রমাণিত হবে এবং অভিযুক্তরা অব্যাহতি পাবেন।

সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। বিজয় নিয়ে তিনি আশাবাদও ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল আলীম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য সচিব ফকরুজ্জামান বাদল, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম ওহাব চৌধুরী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক রতন এবং দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন মোল্লা প্রমুখ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »