পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী পুলিশ লাইনের নারী ব্যারাকে তৃষ্ণা বিশ্বাস নামে এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নারী ব্যারাকের তৃতীয় তলায় তিনি আত্মহত্যা করেন।
তৃষ্ণা বিশ্বাস মাদারীপুর জেলার ডাসারের পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ০৩২৩২৫১১৯৬ এবং কনস্টেবল নম্বর ১২৫৫।
পুলিশ সূত্রে জানা গেছে, তৃষ্ণাকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এস এম নুরুল আখতার নিলয়, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদসহ আরও অনেকে উপস্থিত হন।
অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। পরিবারের সদস্যরা আসলে মরদেহের সুরাতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।