নাটোরের সিংড়ায় এক প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মিরাজ আহমেদ ওরফে মাসুদ রানা (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার গাড়াবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মিরাজ আহমেদ ওই গ্রামের মোস্তাক বিন সুলতানের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ আহমেদের সাথে স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। অভিযোগ উঠেছে, মিরাজ ওই নারীর অসতর্কতার সুযোগ নিয়ে গোপনে কিছু আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তজনা তৈরি হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মিরাজকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, গ্রেফতারের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। প্রাথমিক তল্লাশিতে ওই ফোনে ভিডিও ধারণ ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বেশ কিছু আলামত পাওয়া গেছে। অপরাধের ধরণ এবং এর সাথে অন্য কেউ জড়িত কি না তা নিশ্চিত হতে পুলিশ আরও তদন্ত করছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।