BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মির্জাগঞ্জে বাসচাপায় পথচারী নিহত, আহত ১

 মাকসুদ আহমেদ বায়েজীদ,মির্জাগঞ্জ (পটুয়াখালী):

 

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হয়ে নয়া মিয়া (৭০) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হাওলাদার (৫৫) নামের অপর এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং মাধবখালী ইউনিয়নের পূর্ব চৈতা এলাকার বড় আকন বাড়ির সংলগ্ন বরগুনা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়া মিয়া উপজেলার পূর্ব চৈতা গ্রামের মৃত মোহাম্মদ আলী চৌকিদারের ছেলে এবং আহত শওকত হাওলাদার একই এলাকার মৃত আনিচ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে আঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই পথচারী নয়া মিয়ার মৃত্যু হয়।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত মো. শওকত হাওলাদারকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »