গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে দীর্ঘ ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জীবন ওরফে দুখু মিয়ার (৩৬)। বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
জীবন ওরফে দুখু মিয়া ভৈরব পৌর শহরের মালগুদাম বস্তিতলা এলাকার দুদু মিয়ার ছেলে। র্যাব সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় গাজীপুর জেলা কারাগার থেকে পালিয়ে যান তিনি। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
তার বিরুদ্ধে রেলওয়ের চট্টগ্রাম ও জামালপুর রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজাও রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজার দিকনির্দেশনায় এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জীবন ওরফে দুখু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার বদরুদ্দৌজা জানান, কারাগার থেকে পালানোর পর দীর্ঘ সময় দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন জীবন। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলাসহ যাবজ্জীবন ও আমৃত্যু কারাদণ্ডের সাজা রয়েছে।
গ্রেপ্তারের পর বুধবার বিকেল ৫টার দিকে জীবন ওরফে দুখু মিয়াকে ভৈরব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
