গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অবস্থান নেওয়া তরুণী সুরভির সঙ্গে অবশেষে ওই যুবকের বিয়ে হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের সৌদি প্রবাসী যুবক রাশেদুল ইসলাম রায়হানের বাড়িতে রাত আনুমানিক ১২টার দিকে অবস্থান নেন সুরভি নামে ওই তরুণী। এ সময় তার হাতে বিষের বোতল ছিল বলে স্থানীয়রা জানান।
সুরভির দাবি ছিল, রাশেদুল ইসলাম রায়হানের সঙ্গে তার দীর্ঘ প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের পরও বিয়ে না করায় তিনি বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে রায়হানের বাড়ির সামনে স্থানীয় লোকজন জড়ো হন।
এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
একপর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে সুরভি ও রাশেদুল ইসলাম রায়হানের বিয়ে সম্পন্ন হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, বিয়ের আগে সুরভির করা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কসহ অন্যান্য দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এর আগে জানিয়েছিলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
