BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরত চায় সরকার: শামা ওবায়েদ

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই দেশে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। এ জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির ভিত্তিতেই ঢাকা একাধিকবার ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশ চায়, চুক্তি অনুসরণ করে ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাক।

এ সময় বিবিসির এক প্রতিবেদনে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিলে বাংলাদেশ তা বিবেচনা করবে। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা শর্তগুলো নিয়ে আলোচনার সময় নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার চেয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের পরিসর অনেক বড়। মুক্তিযুদ্ধের আগেও দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল বলে উল্লেখ করেন তিনি।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনাও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘লগি-বৈঠা এবং রামদার আওয়ামী লীগ একই। তারা আগেও সন্ত্রাস করেছে, এখনো করছে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »