চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়ায় জোড়া খুনের মামলায় পাঁচ দিন এবং সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালতে পৃথক শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী। তিনি জানান, নগরের বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুই মামলায় মোট সাত দিন তাঁকে রিমান্ডে নেওয়া হবে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে পৃথক মামলায় রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
