BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে-আতাউল বারীর বক্তব্যে আলোচনা!

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে, এরপর অন্য জেলার মানুষ’—সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা তৈরি হয়েছে। ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে চট্টগ্রামের বিভিন্ন জেলার মানুষের জান্নাতে যাওয়ার ক্রম নিয়ে বক্তব্য দিতে শোনা যায়।

ভিডিওতে আতাউল বারী বলেন, রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। তার দাবি, রাউজানে অধিকাংশ মানুষ সুন্নি ও ‘আশেকে রাসুল’। এরপর রাঙ্গুনিয়া, হাটহাজারী, বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার মানুষ জান্নাতে যাবে বলে বক্তব্য দেন তিনি।

তিনি আরও বলেন, এভাবে পুরো চট্টগ্রামের মানুষকে আল্লাহ জান্নাত দেওয়ার পর অন্য জেলার মানুষ জান্নাতে যাবে। চট্টগ্রামকে ‘সুন্নিয়তের ক্যান্টনমেন্ট’ হিসেবে উল্লেখ করে তিনি সেখানে অধিকাংশ মানুষ সুন্নি ও ‘আশেকে রাসুল’ বলেও দাবি করেন।

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে ৭৩ দলের প্রসঙ্গও তুলে ধরেন এই বক্তা। তিনি বলেন, হাদিসে কেয়ামতের আগে ৭৩টি দল হওয়ার কথা রয়েছে এবং এর মধ্যে একটি দল জান্নাতে যাবে। তার বক্তব্য অনুযায়ী, সেই দল হলো ‘আহলে সুন্নাত ওয়াল জামাত’।

ADS Payra UP Election

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, যারা জান্নাতে যেতে চান, তাদের সুন্নি হওয়া উচিত এবং নামের আগে ‘সুন্নি’ যুক্ত করা উচিত।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বক্তব্যটিকে মনগড়া ও ভিত্তিহীন দাবি হিসেবে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে হাস্যরসও করছেন। তবে ভিডিওটির বক্তব্যের প্রেক্ষাপট ও পূর্ণাঙ্গ বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা ও শায়ের হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে এর আগেও তিনি আলোচনায় এসেছেন। স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »