BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে: শাহে আলম

জামায়াতকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি দাবি করেছেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তবে বর্তমানে জামায়াত সেই সময়ের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড দেখতে দেখতে তারা ক্লান্ত। তার দাবি, ২০০১ সালে খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন এবং এর মাধ্যমে তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জামায়াত এখন সেসব বিষয় ভুলে গেছে।

বর্তমান সরকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের সরকার এবং দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত। তার দাবি, সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস না যেতেই জামায়াতসহ সংশ্লিষ্ট দলগুলো লংমার্চ করে সরকার পতনের হুমকি দিচ্ছে।

আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে দলের নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার ওপরও গুরুত্ব দেন মীর শাহে আলম।

ADS Payra UP Election

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেবে। যারা এর বিরোধিতা করবে বা বিদ্রোহী প্রার্থী হবে, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম। তার ভাষ্য, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে এবং পুরোনো সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। বর্তমানে দেশে চলমান তাদের আন্দোলন আওয়ামী লীগকে সহায়তা করার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় জোটের নেতাদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, তারা সংসদের ভেতরে এক ধরনের কথা বললেও বাইরে ভিন্ন কথা বলেন। এনসিপির নেতাদের রাজনৈতিক বক্তব্য নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, তারা তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষায় কথা বলেন।

মীর শাহে আলম আরও বলেন, বিএনপি কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব দেয় না। গত নির্বাচনে যারা বিএনপির সঙ্গে বেঈমানি করেছে, তাদের দলে আর জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। দলের দুঃসময়ে যারা কাজ করেছেন, তারা ঠিকাদারিসহ বৈধ সবকিছু পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, গত জুলাইয়ের বন্যায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা ক্ষতিগ্রস্ত হয়। বাঁশখালীতে প্রায় ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর বৃহস্পতিবার জেলা পরিষদের পক্ষ থেকে ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »