রাজধানীর বনানী থানায় করা অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্ধারিত দিনে বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। পরে ভারপ্রাপ্ত বিচারক নতুন তারিখ ঘোষণা করেন।
এদিন কারাগার থেকে আনিসুল হককে আদালতে হাজির করা হয়। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর দিন ধার্য করেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের নামে বনানী থানায় একটি পিস্তলের লাইসেন্স ছিল। ২০২৪ সালের ২৫ আগস্ট জারি করা সরকারি প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার নথিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা দেননি বা এ বিষয়ে পুলিশকে অবহিত করেননি। তার ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি এবং অস্ত্র জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য মেলেনি। পাশাপাশি তিনি গুলি কিনেছেন—এমন তথ্যও তদন্তে পাওয়া যায়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় মামলাটি করা হয়।
২০২৫ সালের ২৪ মে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল মামলাটি করেন। তদন্ত শেষে পুলিশ আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করে। এর আগে গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল।
এদিকে ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয় এবং তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
