BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল!

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। আধুনগর বাজারে তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিতি রয়েছে তাঁর।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা পৃথক প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক। তাঁর অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা প্রতিশ্রুতি দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।

এরপর সোমবার রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় পাশে থাকা একদল লোককে হাততালি দিতে দেখা যায়। পরে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে ফেসবুকে দেওয়া এক ভিডিও বক্তব্যে ফারুক জামায়াতের স্থানীয় দায়িত্বশীলদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাঁদের বিরুদ্ধে ‘চোর, ডাকাত, ভোট চোর’ বলে অভিযোগ করেন।

ফারুক গণমাধ্যমকে বলেন, তিনি জামায়াতের নেতা বা কর্মী নন, তবে দলটিকে সমর্থন করতেন। আধুনগর ইউনিয়নে দলটির হয়ে দায়িত্ব পালনকারীদের কার্যকলাপ তাঁর পছন্দ না হওয়ায় দুধ দিয়ে গোসল করে সমর্থন ছেড়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক তাঁদের একজন সমর্থক ছিলেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতেন। তাঁর দাবি, বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কোনো প্রার্থীর পক্ষ নেয়নি। তবে সভাপতি পদে ফারুকের পছন্দের একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই প্রার্থী পরাজিত হওয়ায় ফারুক আবেগের বশে এমনটি করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »