চট্টগ্রাম নগরীতে এবার খোদ পুলিশের টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য সড়কের পাশে গাড়িটি পার্ক করে রেখেছিলেন পুলিশ সদস্যরা। সেই সুযোগে এক ব্যক্তি পিকআপ ভ্যানটি চালিয়ে নিয়ে পালিয়ে যান। আশপাশের সিসিটিভি ক্যামেরায় গাড়ি চুরির দৃশ্য ধরা পড়েছে। চুরি হওয়া গাড়িটি উদ্ধারের পাশাপাশি জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গাড়িটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি পুরোনো টহল পিকআপ ভ্যান।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে পুলিশ সদস্যরা পিকআপ ভ্যানটি সড়কের পাশে পার্ক করে রাখেন। পরে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান তাঁরা। খাবার শেষে ফিরে এসে গাড়িটি আর সেখানে দেখতে পাননি। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়।
এদিকে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। ইতোমধ্যে ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, পুলিশ সদস্যরা গাড়িটি পার্ক করে রেখে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন। এ সময় গাড়িটি চুরি হয়। এটি পুলিশের একটি পুরোনো টহল পিকআপ ভ্যান। গাড়িটি উদ্ধারে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া পিকআপ ভ্যানটি উদ্ধার এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে একাধিক দল কাজ করছে। তবে এখন পর্যন্ত গাড়িটি উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
