সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে থানার সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত আব্দুল্লাহ। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর বৃহস্পতিবার রাতে গাছা এলাকায় অভিযান চালিয়ে সিফাতকে আটক করা হয়। পরে তাকে গাছা থানায় নিয়ে যাওয়া হয়।
সিফাত গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চে’র সদস্য বলে জানা গেছে। তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা গাছা থানার সামনে অবস্থান নেন। তারা সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটির বিষয়বস্তুও তদন্ত করে দেখা হচ্ছে।
