দীর্ঘদিন ধরে বাম পা হারিয়ে চলাচলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবার পেলেন কৃত্রিম পা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি উদ্যোগ ও সহযোগিতায় তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে কৃত্রিম পা। এর মাধ্যমে আবারও নিজের পায়ে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফেরার নতুন আশার আলো দেখছেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন আগে বাম পা হারানোর পর থেকেই আব্দুর রহিমকে চলাফেরাসহ দৈনন্দিন জীবনের নানা কাজে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছিল। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারায় ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও নানা সীমাবদ্ধতার মধ্যে দিন কাটাতে হচ্ছিল তাঁকে।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগে কৃত্রিম পা পাওয়ায় তাঁর দীর্ঘদিনের সেই কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কৃত্রিম পায়ের সাহায্যে তিনি আবারও হাঁটাচলা করতে পারবেন এবং দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যাশা, কৃত্রিম পায়ের সহায়তায় আব্দুর রহিম আবারও ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠতে পারবেন।
