BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

সিয়াম রহমান, ঈশ্বরদী:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন পাওয়া গেলে নভেম্বরেই এ ইউনিট থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। তবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কোনো ধরনের কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে চলতি সপ্তাহেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হতে পারে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি ও বিভিন্ন কারিগরি কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সূত্রগুলোর তথ্যমতে, পরীক্ষামূলক উৎপাদন শুরুর আগে প্রথম ইউনিটের বিভিন্ন কারিগরি ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের কাজ চলছে। রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে কেন্দ্রটির পূর্ণ উৎপাদন ক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এই পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পর উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কয়েক দিন ধরে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রযুক্তিগত কার্যক্রমে কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে এ পর্যায়ে বায়েরা থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হবে। অনুমোদন পাওয়ার পর ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উদ্বোধনের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। দুই রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন আয়োজনের সম্ভাবনাও রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »