নিজস্ব প্রতিবেদক, ঢাকা:পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে রাজধানীর ফার্মগেটের বায়তুশ শরফ দরবার শরীফ ঢাকা মার্কাজের ইসলামী গবেষণা কেন্দ্রের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিবেদিত এক বিশেষ কবিতা পাঠের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রিয় নবীজি (সা.)-এর শানে অত্যন্ত ভক্তিপূর্ণ কবিতা পাঠ করে ‘বুরদা পুরস্কার’ অর্জন করেছেন কিশোরগঞ্জের কবি ইসমাঈল হোসাইন মুফিজী। গতকাল এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত গবেষক, ইসলামী চিন্তাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা বিভাগের সাবেক অধ্যাপক ড. মাওলানা ঈশা শাহেদী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ও ফার্মাসিস্ট কবি হাসান আলীম, কবি ও লেখক অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ আল দীন, বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক কবি মুজতাহিদ ফারুকী, দৈনিক নয়াদিগন্তের সাহিত্য সম্পাদক ও আল মাহমুদ গবেষক কবি জাকির আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আনিসুজ্জামান, কবি কামরুজ্জামান এবং বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কবি জামাল উদ্দীন বারী। পরবর্তীতে অনুষ্ঠানে আরও যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও আল কুদস কমিটি বাংলাদেশের সভাপতি ড. কাউসার মুহাম্মদ আবুল উলায়ী।
সামনের সারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কবি নূর আল ইসলাম, কবি তাজ ইসলাম, অধ্যাপক ও কবি আবুল খায়ের নাঈমুদ্দীন, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও ত্রৈমাসিক ‘অহনা’র সম্পাদক কবি রহমান মাজিদ, কবি মুর্শিদ উল আলম, কবি মালেক মাহমুদ, কবি মাওলানা ইসমাঈল মুফিজী এবং নজরুল গবেষক মো. হুমায়ুন কবীর। এ ছাড়া কবি ও ছড়াশিল্পী আতিক হেলালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পর্যায়ক্রমে রাসুলুল্লাহ (সা.)-এর শানে ভক্তিপূর্ণ কবিতা পাঠ করেন কবি শহীদুল ইসলাম সেলিম, আবদুল্লাহ আল মুহাসিন, রাশেদ মুনীর, মো. হুমায়ুন কবীর, রানা জামান, মুহাম্মদ ইসমাইল, ফরিদ সাঈদ, রবিউল মাশরাফি, আলতাফ হোসাইন রানা, মৃধা আলাউদ্দিন, সীমান্ত আকরাম, মো. জহির উদ্দিন, সালেহ মাহমুদ ও আমিন আল আসাদ। এ ছাড়া অনুষ্ঠানের সভাপতি, সঞ্চালক, প্রধান ও বিশেষ অতিথিসহ উপস্থিত কবি-সাহিত্যিকদের অনেকেই মহানবী (সা.)-এর শানে নিজেদের লেখা কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ইসলামি ঐতিহ্য অনুযায়ী কবিদের সম্মানার্থে ‘বুরদা’ বা চাদর উপহার দেওয়ার সুন্নত পুনঃপ্রবর্তন করা। মূলত ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বাংলা মুলুকে কবিদের সম্মান জানানোর জন্য রাসুলুল্লাহ (সা.)-এর সময় থেকে প্রচলিত বুরদা প্রদানের এই ঐতিহ্যকে নতুনভাবে চালু করার উদ্যোগ নিয়েছেন। এই সুন্নত জিন্দা করার পেছনে তার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও প্রেরণা। তার এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে প্রত্যক্ষ সহযোগিতা করছেন গবেষক ড. ঈশা শাহেদী।
মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার ও শ্রদ্ধা নিবেদনের এই ব্যতিক্রমী আয়োজনে মর্যাদাপূর্ণ ‘বুরদা পুরস্কার’ অর্জন করায় কবি ইসমাঈল হোসাইন মুফিজীকে উপস্থিত কবি-সাহিত্যিক ও অতিথিরা আন্তরিক অভিনন্দন জানান। তার এই বড় অর্জন কিশোরগঞ্জের সাহিত্যাঙ্গনের জন্যও একটি অত্যন্ত গৌরবের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
