BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে নারীর জীবন বাঁচালেন পুলিশ কনস্টেবল অমিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছেন এক পুলিশ কনস্টেবল।

বৃহস্পতিবার রাতে শহরের তিতাস নদীর সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নদীতে ঝাঁপ দেওয়া ওই নারীর বয়স ২৪ বছর। বন্ধুদের সঙ্গে ওই সেতু এলাকায় বেড়াতে গিয়ে ঘটনাটি তাৎক্ষণিকভাবে চোখে পড়ায় নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপিয়ে পড়েন পুলিশ কনস্টেবল অমিত হাসান। তিনি সাঁতরে ওই নারীকে উদ্ধার করেন এবং একটি নৌকার সাহায্যে তাকে নিরাপদভাবে পাড়ে নিয়ে আসেন।

উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, নদীতে পানির গভীরতা ও স্রোতের পরিস্থিতি বিবেচনায় পুলিশ সদস্য অমিত হাসান যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ না দিতেন, তবে ওই নারীকে জীবিত উদ্ধার করা অত্যন্ত কঠিন হয়ে যেত। তার এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

সচেতন মহলের মতে, বিভিন্ন সময়ে পুলিশের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করা হলেও অমিত হাসানের মতো কিছু পুলিশ সদস্যের এমন মানবিক ও বীরত্বপূর্ণ কাজের প্রশংসা করা জরুরি। তাদের এই ধরনের ভালো কাজ অন্য পুলিশ সদস্যদেরও মহৎ কাজে অনুপ্রাণিত করবে। সব পুলিশ সদস্যের দৃষ্টিভঙ্গি এক নয়, অমিত হাসানের মতো অনেকে এখনো পেশাদারত্ব ও মানবিকতার চমৎকার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »