BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শনে ডা. জুবাইদা রহমান

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘ব্লু স্কাই’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। পরিদর্শনকালে তিনি শিশুদের শিক্ষা কার্যক্রম, বিভিন্ন থেরাপি সুবিধা ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়ন এবং নারীদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত ‘ব্লু স্কাই’ স্কুলে যান ডা. জুবাইদা রহমান। সেখানে পৌঁছালে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের (ওডব্লিউসিসি) সভাপতি সালেহা খান তাকে স্বাগত জানান। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।

পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান স্কুলের বিভিন্ন শ্রেণির কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিভিন্ন থেরাপি কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সরেজমিনে হাইড্রোথেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজি এবং মিউজিক থেরাপি কার্যক্রম পরিদর্শন করেন।

বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮ জন শিক্ষক ও থেরাপিস্ট বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে সহায়তার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করছেন। এ সময় ‘ব্লু স্কাই’ স্কুলের অধ্যক্ষ স্কুলের শিক্ষা ও কারিগরি শিক্ষা কার্যক্রম, থেরাপি সুবিধা এবং চিকিৎসা-সংক্রান্ত জরুরি ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে ডা. জুবাইদা রহমানকে অবহিত করেন।

বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে ২০২১ সালে ‘ব্লু স্কাই’ স্কুল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সর্বোচ্চ পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এবং একজন সিস্টার-ব্রাদারের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ স্কুলের মাধ্যমে বহু বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী মূলধারার শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে।

শুধু শিক্ষা নয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতেও কারিগরি শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে সহকারী থেরাপিস্ট হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

পরিদর্শনের পর ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রমের অংশ ‘বাফওয়া কর্নার’ পরিদর্শন করেন। এ সময় তিনি বাফওয়া ক্রাফটস অ্যান্ড বুটিক, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রকল্প এবং বাফওয়া ইন্ডাস্ট্রিয়াল হোমের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রীও ঘুরে দেখেন তিনি।

পরে ‘ব্লু স্কাই’ স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ডা. জুবাইদা রহমান।

পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘ব্লু স্কাই’ স্কুলে দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বাফওয়ার নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন), বাফওয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী ও সদস্যরা, বাফওয়া এ কে খন্দকার ও বাশার-এর সভানেত্রী ও সহ-সভানেত্রীসহ বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -