গাজীপুর প্রতিনিধি:বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে পূবাইল থানায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের মোট ১৮ জন খেলোয়াড় অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে লাল দল বিজয়ী হয় এবং ১৫ পয়েন্ট পেয়ে সবুজ দল পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে মেডেল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এ সময় তিনি তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ), ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূবাইল থানার পুলিশ সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
