যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি মসজিদে ভয়াবহ হামলার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে হত্যা ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, হামলার পরিকল্পনা ও তা প্রচারের সঙ্গে ওই কিশোরী জড়িত ছিলেন।
অভিযুক্ত কিশোরীর নাম সারাহ লিন্ডসে সান্তিয়াগো। তিনি নর্থ ক্যারোলিনার বাসিন্দা ও একজন শিক্ষার্থী। নিউইয়র্ক পোস্টের বরাতে ডব্লিউইউবিএল-টিভি জানিয়েছে, তার বিরুদ্ধে প্রথম মাত্রার হত্যার তিনটি এবং হত্যার ষড়যন্ত্রের একটি অভিযোগ আনা হয়েছে। গত সপ্তাহে তাকে গ্রেপ্তারের পর গ্র্যান্ড জুরি এসব অভিযোগ গঠন করে।
প্রসিকিউটরদের অভিযোগ, মসজিদে হামলার আগেই সান্তিয়াগো হত্যাকাণ্ডটি সরাসরি সম্প্রচার করা, সেই ভিডিও ধারণ করে জনসমক্ষে ছড়িয়ে দেওয়া এবং হামলাকারীদের ইশতেহার প্রকাশের বিষয়ে সম্মত হয়েছিলেন।
ফোরসাইথ কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জিম ও'নিল জানান, সান্তিয়াগো ছিলেন ওই তিন ব্যক্তির একজন, যারা বন্দুকধারীদের লাইভস্ট্রিম দেখছিলেন। পরবর্তীতে হামলার ভিডিও এবং হামলাকারীদের লেখা প্রচারের সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
গত ১৮ মে ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টার অব সান দিয়েগোতে ওই হামলা চালানো হয়। এতে তিনজন নিহত হন। হামলার ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কেইন ক্লার্ক এবং ১৮ বছর বয়সী ক্যালেব ভাসকেজকে পরে মসজিদের কাছেই একটি গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।
কর্তৃপক্ষের দাবি, হামলাকারীদের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব মানুষকে হত্যা করা এবং নিজেদের আদর্শ বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া।
হামলার সময় সান্তিয়াগোর বয়স ১৭ বছর হওয়ায় তাকে প্রথমে কিশোর বিচার ব্যবস্থার আওতায় নেওয়া হতে পারত। সে ক্ষেত্রে তুলনামূলকভাবে কম মেয়াদের সাজা পাওয়ার সম্ভাবনা ছিল। তবে অভিযোগের গুরুতরতা এবং ভবিষ্যতে তার স্কুলে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রসিকিউটররা উদ্বেগ প্রকাশ করেন।
এ কারণে প্রসিকিউটররা ‘সহায়তা ও প্ররোচনা’ তত্ত্বের ভিত্তিতে মামলাটি পরিচালনা করছেন। এই আইনি তত্ত্ব অনুযায়ী, কোনো ব্যক্তি সরাসরি অস্ত্র ব্যবহার বা ট্রিগার না চাপলেও জেনেশুনে অপরাধ সংঘটনে সহায়তা করলে তাকে ওই অপরাধের জন্য দায়ী করা যেতে পারে। নর্থ ক্যারোলিনার আইনেও নির্দিষ্ট পরিস্থিতিতে সরাসরি অপরাধমূলক কাজ না করেও কাউকে অপরাধের জন্য দায়ী করার সুযোগ রয়েছে।
এফবিআই, সান দিয়েগো এবং নর্থ ক্যারোলিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কয়েক মাসের তদন্তের পর সান্তিয়াগোর বিরুদ্ধে এই মামলা করা হয়। তদন্তকারীরা হামলার সঙ্গে তার যোগাযোগ, কর্মকাণ্ড এবং হামলার পর বিভিন্ন উপাদান প্রচারের বিষয় খতিয়ে দেখার পর অভিযোগ আনার সিদ্ধান্ত নেন।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
