BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে ঘটনার সময় বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে দুইটার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে পার্কিং করে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা বেড়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত সোয়া দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া জানান, বাসটি পার্ক করা অবস্থায় থাকায় ভেতরে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফলে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

এদিকে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, দুর্বৃত্তরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, বাসে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আগুনের সঙ্গে কেউ জড়িত কি না, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »