BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একটি মামলায় জামিন পাওয়ার পর অন্য মামলায় তাকে একের পর এক গ্রেপ্তার দেখানো হচ্ছে—আদালতে এমন অভিযোগও করেছেন সাবেক এই মন্ত্রী। তবে উভয় পক্ষের শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. জাকির হোসেন গত ১৯ আগস্ট নূরুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনায় সুজন জড়িত বা অভিযুক্ত হওয়ায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালত ওই আবেদনের ওপর আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুন অর রশীদ সুজনকে মামলায় গ্রেপ্তার দেখানোর পক্ষে বক্তব্য দেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী মোর্শেদ আলম শাহীন এর বিরোধিতা করেন।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের অনুমতি নিয়ে নিজের বক্তব্য দেন নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখান থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বলেও আদালতকে জানান।

সুজন অভিযোগ করেন, একটি মামলায় জামিন পাওয়ার পর তাকে অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হচ্ছে।

কোন ভিত্তিতে তাকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে, সেটি আদালতের বিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি বলেন, কেউ দোষী হলে অবশ্যই তার বিচার হওয়া উচিত।

বর্তমান সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেও তার বাস্তব প্রয়োগ হচ্ছে না বলেও দাবি করেন সাবেক এই রেলমন্ত্রী।

পরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত নূরুল ইসলাম সুজনকে যাত্রাবাড়ী থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. পারভেজ মিয়া।

ওইদিন বিকেল ৫টার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পারভেজ মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরে ২০২৪ সালের ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়।

নূরুল ইসলাম সুজনকে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ বিশেষায়িত হাসপাতাল থেকে আটক করে পুলিশ।

এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডেও নেওয়া হয়।

বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। এবার যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায়ও তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর আদেশ দিলেন আদালত।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -