BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জিদের প্রতি বিজয়ের বার্তা!

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় তাঁর প্রথম স্বাধীনতা দিবসের ভাষণে জেন-জি প্রজন্মকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জ থেকে দেওয়া ভাষণের শুরুতেই তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তামিল জনগোষ্ঠী ও জেন-জি প্রজন্মকে শুভেচ্ছা জানান।

ভাষণের শুরুতে বিজয় বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব তামিল ভাই-বোন ও জেন-জি বন্ধুদের ভানাক্কম।’ তামিল ভাষার ‘ভানাক্কম’ শব্দের অর্থ নমস্কার, প্রণাম বা শুভেচ্ছা।

পতাকা উত্তোলনের আগে অনুষ্ঠানে বিজয়ের বাবা এসএ চন্দ্রশেখর, মা শোবা চন্দ্রশেখর এবং অভিনেত্রী তৃষা উপস্থিত ছিলেন।

ভাষণে কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রশাসনিক বিষয়ে সহযোগিতার কথা জানিয়ে বিজয় বলেন, রাজ্যের অধিকার ক্ষুণ্ন করে—এমন কোনো নীতির বিরোধিতা তাঁর সরকার সবসময় করবে। তিনি বলেন, দুর্নীতি দূর করাও এক ধরনের স্বাধীনতা। তাঁর সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

সরকারি রাজস্ব যাতে ব্যক্তিবিশেষের হাতে চলে না যায়, তা ঠেকানো হয়েছে দাবি করে বিজয় বলেন, বিভিন্ন বিভাগে দুর্নীতি নির্মূলে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁর সরকারের বিরুদ্ধে কাজ করা শক্তিগুলোকে পরাজিত করা এবং যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে বিজয় জানান, আগের সরকারগুলোর চালু করা জনগণের উপকারী প্রকল্পগুলোও তাঁর সরকার অব্যাহত রাখবে। এর মধ্যে এআইএডিএমকের ‘আম্মা ক্যান্টিন’ এবং ডিএমকের স্কুলশিক্ষার্থীদের সকালের নাশতার প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর দ্রাবিড় আন্দোলনের নেতা সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের জন্য ‘থাইমামান থাঙ্গা মোথিরাম’ নামে স্বর্ণের আংটি দেওয়ার প্রকল্প চালু করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় হবে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি।

বিজয় আরও বলেন, জনগণ জাতপাত ও ধর্মের বিভেদ এবং অর্থ ও পেশিশক্তির রাজনীতি প্রত্যাখ্যান করে তাঁর সরকারকে সমর্থন করেছে। দুর্নীতিমুক্ত সরকার গড়ার পাশাপাশি জনগণের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া সাবেক সেনাসদস্যদের মেয়েদের বিয়েতে দেওয়া আর্থিক সহায়তা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার রুপি করার ঘোষণা দেন বিজয়। প্রতিবন্ধী সাবেক সেনাসদস্য ও তাঁদের পরিবারের মাসিক সহায়তা ৫ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার রুপি করার কথাও জানান তিনি।

একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের পেনশন ২৩ হাজার রুপি এবং পারিবারিক পেনশন ১২ হাজার ৫০০ রুপি নির্ধারণের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »