বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সহজ ও কার্যকর করতে ভারতে অবস্থানরত শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত সব পলাতক আসামিকে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে কার্যকর সম্পর্ক জোরদারের স্বার্থে ভারত সরকারের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলেও জানান তিনি।
শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্য আসামিদের ফেরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চাইলে অন্যদেরও ফেরত চাওয়া হবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের স্বার্থে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। শেখ হাসিনার কর্মকাণ্ড শুধু জুলাইয়ে সীমাবদ্ধ ছিল না, বছরের পর বছর ধরে এর সঙ্গে বিভিন্ন মানুষ জড়িত ছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
পলাতক আসামিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে। ভারত সরকার বাংলাদেশের মানুষের অনুভূতি ও সংবেদনশীলতা বুঝে তাদের হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলের সব অপরাধের বিচার নিশ্চিত করাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বিচার নিশ্চিতের বিষয়ে কোনো আপস করা হবে না। অভিযুক্ত যে কেউ বিচারের মুখোমুখি হতে আদালতে আসতে পারেন বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নেওয়া হয়। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকার সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আগামী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে এবং এতে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও জানান তিনি।
এ ছাড়া মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ১০ হাজার কর্মী বিনামূল্যে যাওয়ার বিষয়টি সঠিক রয়েছে।
