BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

মন্দিরের মেহেদি পরলেই এক বছরে বিয়ে! ৩ ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি মেহেদি

মন্দিরের বিশেষ মেহেদি হাতে পরলে এক বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে—এমন প্রচলিত বিশ্বাসকে ঘিরে ভারতের জয়পুরের মোতি ডুংরি গণেশ মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় দেখা গেছে। সিঞ্জারা উৎসব উপলক্ষে মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়। মেহেদি নিতে দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে মন্দির ও আশপাশের এলাকায় তৈরি হয় তীব্র যানজট ও বিশৃঙ্খলা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর সিঞ্জারা উৎসব উপলক্ষে মোতি ডুংরি গণেশ মন্দিরে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। বিশেষ মেহেদি বিতরণের খবর ছড়িয়ে পড়ার পর দিল্লি, চণ্ডীগড়সহ ভারতের বিভিন্ন শহর থেকে মানুষ সেখানে আসেন। অনেকে মেহেদি সংগ্রহের জন্য আগের রাতেই মন্দির এলাকায় পৌঁছে যান।

পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মেহেদি বিতরণ শুরু করে মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের ইনস্টাগ্রাম পোস্টের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র তিন ঘণ্টায় প্রায় ৩ হাজার ৫০০ কেজি মেহেদি বিতরণ করা হয়।

মোতি ডুংরি গণেশ মন্দিরে সিঞ্জারা মেহেদিকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ একটি বিশ্বাস প্রচলিত রয়েছে। তাদের বিশ্বাস, যাদের বিয়েতে বাধা রয়েছে তারা এই মেহেদি হাতে পরলে এক বছরের মধ্যে কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেতে পারেন। সেই বিশ্বাস থেকেই প্রতিবছর সিঞ্জারা উৎসবে মেহেদি সংগ্রহ করতে বিপুলসংখ্যক মানুষ মন্দিরে ভিড় করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মন্দিরের বাইরে দীর্ঘ সারি ও মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। অতিরিক্ত মানুষের চাপের কারণে আশপাশের এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। মন্দির প্রাঙ্গণে ধাক্কাধাক্কি ও ঠেলাঠেলির ঘটনাও ঘটে। এ সময় ভিড়ের মধ্যে মহারাষ্ট্রের এক নারী ভক্ত অচেতন হয়ে পড়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ বিয়ের আগে নিজের ভবিষ্যৎ ও জীবন গুছিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গণেশ চতুর্থীকে কেন্দ্র করে সিঞ্জারা উৎসব পালিত হয়। মোতি ডুংরি গণেশ মন্দিরে সারা বছরই ভক্ত ও পর্যটকদের আনাগোনা থাকলেও গণেশ চতুর্থী উপলক্ষে সেখানে ভিড় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিয়ে নিয়ে প্রচলিত বিভিন্ন লোকবিশ্বাসের কারণেও মন্দিরটি ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -