BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী!

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ-আধা দক্ষ জনবল দিয়ে সহযোগিতার আগ্রহও জানিয়েছে ঢাকা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জার্মানি যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় অবস্থান করেন ভুটানের প্রধানমন্ত্রী।

সাক্ষাতে বাংলাদেশের দুই মন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করা হয়। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

এ সময় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন উদ্যোগে বাংলাদেশের সহযোগিতার আগ্রহের কথা জানান দুই মন্ত্রী। বিশেষ করে এ প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ জনবল পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও জনগণের সামষ্টিক কল্যাণের প্রসঙ্গ তুলে ধরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথাও উল্লেখ করেন বাংলাদেশের প্রতিনিধিরা। একই সঙ্গে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তারা।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগেকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তিনি বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »