BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

বলিউড থেকে দক্ষিণী, জন্মদিনে তারকাদের শুভেচ্ছায় নরেন্দ্র মোদি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে শুভেচ্ছার বার্তায় ভেসেছে সামাজিক যোগাযোগমাধ্যম। বলিউডের শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার ও কঙ্গনা রানাউত থেকে শুরু করে দক্ষিণী সিনেমার মোহনলাল, মহেশ বাবু, চিরঞ্জীবী ও রাম চরণ—বিভিন্ন তারকা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোদির জন্মদিন উপলক্ষে তারকারা এসব শুভেচ্ছাবার্তা প্রকাশ করেন।

শাহরুখ খান এক্সে দেওয়া এক পোস্টে মোদির সুস্বাস্থ্য, সুখ ও সাফল্য কামনা করেন। দেশকে অনুপ্রাণিত করার কাজে প্রধানমন্ত্রীকে আরও শক্তি ও ইতিবাচকতা দেওয়ার প্রার্থনাও জানান তিনি।

সালমান খান সংক্ষিপ্ত বার্তায় লেখেন, ‘জন্মদিন মুবারক হো, অনারেবল পিএম সাহাব।’ অক্ষয় কুমারও মোদিকে শুভেচ্ছা জানিয়ে জন্মদিনকে মানুষের উপকার ও সেবার সঙ্গে যুক্ত করার কথা বলেন। অভিনেতা অনিল কাপুর প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও শক্তি কামনা করেন।

এ ছাড়া রীতেশ দেশমুখ, রণদীপ হুডা, কঙ্গনা রানাউত, শিল্পা শেঠি, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডন, রাকেশ রোশন, কিরণ খের ও প্যারেশ রাওয়ালসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে শুভেচ্ছা জানান।

অভিনেতা শত্রুঘ্ন সিনহা অবশ্য এক দিন আগেই জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদির সঙ্গে দুটি পুরোনো ছবি পোস্ট করে তিনি জানান, জন্মদিনের দিনে শুভেচ্ছার ভিড়ে তার বার্তা হারিয়ে যেতে পারে—এ কারণেই আগেভাগে শুভেচ্ছা জানিয়েছেন। অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

দক্ষিণী তারকাদের শুভেচ্ছা

বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার তারকারাও মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। মালয়ালম অভিনেতা মোহনলাল প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন।

তেলুগু অভিনেতা মহেশ বাবু মোদিকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া নেতা হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানান। চিরঞ্জীবী তার সুস্বাস্থ্য, সুখ ও শক্তি কামনা করেন। নাগার্জুন মোদির শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা আরও বাড়ুক বলে শুভকামনা জানান।

অভিনেতা ও রাজনীতিক পবন কল্যাণও দীর্ঘ বার্তায় মোদির জনসেবার কথা উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ ছাড়া মাম্মুট্টি ও অভিনেত্রী গৌতমীও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা রাম চরণও মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এক হাজার নারীকে দক্ষতা প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ‘সেবা সংকল্প অভিযান’ নামে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »