কাতারে দুই দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে তিনি দোহার উদ্দেশে রওনা হন। সফরে তাঁর সঙ্গে থাকছে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ১৯ আগস্ট রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতার সফরে যাওয়া প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।
সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন ড. খলিলুর রহমান।
বৈঠকে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং কাতারে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের পরিস্থিতিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
কাতারের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়েও সফরে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
