BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বা স্থগিত হওয়ার ঘটনাকে সরকারের সাংস্কৃতিক কর্মকাণ্ডবিরোধী অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, কোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তাঝুঁকি থাকলে জননিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান স্থগিত বা বাতিল হতে পারে। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কোনো নীতিগত অবস্থান সরকারের নেই।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাধার অভিযোগ ওঠে। স্থানীয় কিছু আলেম-ওলামার আপত্তির পর অনুষ্ঠান বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশে গত ৪০ থেকে ৫০ বছর ধরেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে কিছু গোষ্ঠীর আপত্তি দেখা গেছে।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ কীভাবে নিজস্ব সংস্কৃতির সঙ্গে বসবাস করবে, সেটি সমাজই নির্ধারণ করবে। কোনো কোনো মানুষ অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে।

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, সংশ্লিষ্ট ঘটনায় পুলিশ কনসার্টের অনুমতি বাতিল করেছে—এ ক্ষেত্রে সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছে কি না।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো কনসার্ট বাতিল হলেই এর অর্থ এই নয় যে সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরোধিতা করছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় হয়তো নিরাপত্তাসংক্রান্ত কোনো বিষয় ছিল। আবার অন্য কোনো কারণও থাকতে পারে। সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এ সময় তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন কারণেই কোনো অনুষ্ঠান বাতিল হতে পারে। সব ঘটনাকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আপত্তির ফল হিসেবে দেখার সুযোগ নেই।

তার দাবি, দেশে এখনো বড় বড় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

তথ্যমন্ত্রীও বলেন, কোনো নির্দিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা নিরাপত্তা সংকটের আশঙ্কা থাকলে নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান স্থগিত বা বাতিল করা হতে পারে। তবে এটিকে ধারাবাহিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকরা একাধিক স্থানে এ ধরনের ঘটনা ঘটায় বিষয়টি ধারাবাহিক হয়ে উঠেছে কি না জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, তিনি এটিকে ধারাবাহিক বা লাগাতার ঘটনা হিসেবে দেখছেন না।

তার দাবি, ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের যত ঘটনা ঘটেছিল, তার তুলনায় বর্তমান সরকারের সময়ে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

তিনি বলেন, ‘নাটকীয় উন্নতি হয়েছে। আমি বলছি না যে এখন একটি ঘটনাও ঘটছে না। কিছু ঘটনা এখনও ঘটছে।’

জাহেদ উর রহমান বলেন, দেড় থেকে দুই বছর ধরে কিছু গোষ্ঠী এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসায় পরিস্থিতি রাতারাতি পুরোপুরি বদলে যাবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। তবে পরিস্থিতির যতটুকু উন্নতি হয়েছে, সেটিকে বড় অগ্রগতি হিসেবে দেখছেন তিনি।

দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়ানো, সংস্কৃতিচর্চা বিস্তৃত করা এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী ও মনোযোগী বলেও জানান তথ্য উপদেষ্টা।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »