BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

এক ঘণ্টা বিদ্যুৎ তিন ঘণ্টা অন্ধকার: সুনামগঞ্জে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

সুনামগঞ্জ সদর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকেরা। বর্তমানে উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ইউনিয়নে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকেরা। সুরমার উত্তর পাড়ে প্রায় ৬ লাখ পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষাড় এলাকায় একটি বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করা প্রয়োজন। কারণ উত্তর সুরমায় পল্লী বিদ্যুতের লাইনে কোনো সমস্যা হলে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়ায় বাধ্য হয়ে ব্যাপক লোডশেডিং করতে হচ্ছে বলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানায়।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যুতের ঘাটতির কারণে একটি ফিডার এক ঘণ্টা চালু রাখার পর পরবর্তী তিন ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকেরা।

বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ পরিবারের মানুষজনকে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস জানায়, লোডশেডিং স্থানীয়ভাবে সৃষ্ট কোনো সমস্যা নয়, এটি বর্তমানে একটি জাতীয় সমস্যা। পল্লী বিদ্যুৎ সমিতি নিজে বিদ্যুৎ উৎপাদন করে না। জাতীয় গ্রিড থেকে বরাদ্দ পাওয়া বিদ্যুৎই গ্রাহকদের মধ্যে বিতরণ করা হয়। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বর্তমান পরিস্থিতিতে লোডশেডিং কমানোর সুযোগ সীমিত।

বিদ্যুৎ সরবরাহের এই সংকটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »