দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের সূত্রে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করার নির্দেশনা দেন।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলতি অধিবেশনে এটি সরকারি দলের দ্বিতীয় বৈঠক।
এর আগে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সরকারদলীয় সব সংসদ সদস্যকে যথাসময়ে সংসদে উপস্থিত থাকা এবং সংসদের দৈনন্দিন কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান। একই সঙ্গে দেশের বাইরে অবস্থানরত সরকারদলীয় সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
