BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

কক্সবাজারসহ পূর্বাঞ্চলের ৬ রুটে বাড়ল ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বাঞ্চলের বিভিন্ন সেতুতে ট্রেন চলাচলের ক্ষেত্রে পশ্চিমাঞ্চলের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পয়েন্ট চার্জ’ আরোপ করার কারণেই ভাড়ায় এই পরিবর্তন আসছে। এর ফলে বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ভাড়ার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে।

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণের খরচ উল্লেখযোগ্য হারে বাড়ছে। ঢাকা-কক্সবাজার রুটে নন-স্টপ ট্রেনের শোভন চেয়ারের ভাড়া ৬৯৫ টাকা থেকে বেড়ে ৭৫৪ টাকা হয়েছে। এছাড়া এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৪৩ টাকা, এসি সিট ১ হাজার ৫৯০ টাকা থেকে ১ হাজার ৭২৮ টাকা এবং এসি বার্থের ভাড়া ২ হাজার ৪৩০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৬৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ার পাশাপাশি এই রুটের ভাড়ার দূরত্ব ৫৩৫ কিলোমিটার থেকে বেড়ে ৫৮৩ কিলোমিটার ধরা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের মধ্যকার রুটেও ভাড়ার পরিবর্তন আসছে। ঢাকা-চট্টগ্রাম রুটে বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেনে শোভন চেয়ারের ভাড়া ৪০৫ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা হয়েছে। এই রুটে এসি চেয়ারের ভাড়া ৭৭৭ টাকা থেকে ৮৫৭ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৪৪৮ টাকা থেকে ১ হাজার ৫৯১ টাকা করা হয়েছে। অন্যদিকে বিরতিহীন বা নন-স্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ারের ভাড়া ৪৫০ টাকা থেকে বেড়ে ৪৯৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৮৫৫ টাকা থেকে ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সিলেটগামী যাত্রীদেরও গুনতে হবে বাড়তি ভাড়া। ঢাকা-সিলেট রুটে শোভন চেয়ারের ভাড়া ৩৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪১০ টাকা করা হয়েছে। এছাড়া এসি চেয়ারের ভাড়া ৭১৯ টাকা থেকে ৭৮৮ টাকা এবং এসি বার্থের ভাড়া ১ হাজার ৩৩৮ টাকা থেকে ১ হাজার ৪৬৫ টাকা করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেলের পশ্চিম ও পূর্বাঞ্চলের ভাড়ার হারের মধ্যে সমতা আনতেই এই সমন্বয় করা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »