BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতন, প্রাণ গেল লাল বাদশার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে ধরে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার বন্ধু মাইদুল (১৮)।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তারা দুজন বন্ধু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার পাশে মাঠে দুজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে মাইদুলকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন মাইদুল পুলিশকে জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে আটকে রাখেন। সেখানে চোর সন্দেহে তাদের মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে দুজনই অচেতন হয়ে পড়লে তাদের মাঠের পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। প্রাথমিকভাবে চোর সন্দেহে তাদের ওপর নির্যাতন চালানোর বিষয়টি জানা গেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »