প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের জোট বা সহযোগিতার বিরোধিতা করলেও সরকার গঠনের স্বার্থে গোপনে তাদের সমর্থন চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমন অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট নেসেটের আরব জয়েন্ট লিস্টের সংসদ সদস্য আহমাদ তিবি। নিজের দাবির পক্ষে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীর পাঠানো ব্যক্তিগত বার্তার কথাও তুলে ধরেছেন তিনি। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমাদ তিবি এসব অভিযোগ করেন। তার দাবি, বিরোধী দল ইয়াশারের চেয়ারম্যান গাদি আইজেনকোটের নেতৃত্বে বিকল্প সরকার গঠনের উদ্যোগ ঠেকাতেই আরব আইনপ্রণেতাদের সঙ্গে গোপনে যোগাযোগের চেষ্টা করেছিলেন নেতানিয়াহু।
তিবি জানান, নির্বাচনের এক সপ্তাহ আগে, ভোটগ্রহণ শেষ হওয়ার পরদিন এবং নির্বাচনের ফল প্রকাশের পরও নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত উপদেষ্টা নাতান এশেল তাকে একাধিক বার্তা পাঠিয়েছিলেন। এসব বার্তার মাধ্যমে আরব আইনপ্রণেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
নিজের বক্তব্যের স্বপক্ষে সাক্ষাৎকারে মুঠোফোনে থাকা কয়েকটি ব্যক্তিগত বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন তিবি। তবে ছবির মান অস্পষ্ট হওয়ায় সেগুলোর লেখা দর্শকদের পক্ষে স্পষ্টভাবে পড়া সম্ভব হয়নি।
আহমাদ তিবির অভিযোগ, প্রকাশ্যে আরব রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতার বিরোধিতা করলেও পর্দার আড়ালে রাজনৈতিক সমীকরণ নিজেদের পক্ষে নিতে তাদের সমর্থন চেয়েছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। তার মতে, নেতানিয়াহুর প্রকাশ্য অবস্থান ও ব্যক্তিগত যোগাযোগের মধ্যে স্পষ্ট বৈপরীত্য রয়েছে।
সাধারণত ব্যক্তিগত কথোপকথন জনসমক্ষে প্রকাশ করেন না উল্লেখ করে তিবি বলেন, নেসেটে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যের পরই তিনি এসব তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহুকে উদ্দেশ করে তিবি বলেন, ‘আপনি ভণ্ড। নির্বাচনের এক সপ্তাহ আগে, নির্বাচনের পরদিন এবং ফল প্রকাশের পরও আপনি আপনার ব্যক্তিগত উপদেষ্টাকে আমার কাছে পাঠিয়েছেন।’
এ ছাড়া তিবি আরও দাবি করেন, চলতি সপ্তাহেও নেতানিয়াহু সরকারের একজন মন্ত্রী তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই মন্ত্রী তাকে গাদি আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের পক্ষে ভোট না দিতে এবং নতুন নির্বাচনের পক্ষে অবস্থান নিতে অনুরোধ করেন।
তিবির ভাষ্য অনুযায়ী, ওই মন্ত্রী তাকে বলেছিলেন, ‘তাদের বিশ্বাস করবেন না, তারা আপনাদের নেবে না। বরং আমাদের আবার নির্বাচনে যাওয়াই ভালো।’
অন্যদিকে, আহমাদ তিবির সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি। চ্যানেল ১২-কে দেওয়া প্রতিক্রিয়ায় দলটি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছে।
লিকুদ পার্টির দাবি, আরব রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। দলটির ভাষ্য, যেসব দল জাতীয় সংগীতের প্রতি অসম্মান দেখায় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনাদের ক্ষতি করে, তাদের সঙ্গে লিকুদ পার্টি কোনো ধরনের রাজনৈতিক সহযোগিতা করে না।
