গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করছিলেন পোশাকশ্রমিকরা। সকাল ৯টার দিকে ছয়দানা ও বড়বাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং হারিকেন এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পরে শ্রমিকরা টঙ্গীর গাজীপুরা এলাকায় হোপলোন গার্মেন্টসের সামনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকরা পুলিশের ওপর আক্রমণ করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এদিকে পুলিশের অভিযোগ, শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের লোকজন যুক্ত হয়েছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ঢুকে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে হোপলোন গার্মেন্টস, স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড, মাসকো কটন ও টিজে সোয়েটারসহ আশপাশের অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়ে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।
