মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
ঢাকা-কুয়াকাটা মহা সড়কের দুমকি পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২হাজার টাকা করে দুটি পরিবহনকে ৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় পায়রা সেতুর টোলপ্লাজার পাশে ইউনিভার্সিটি স্কয়ার এলাকায় পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক এর নেতৃত্বে মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে এ জরিমানা আদায় করা হয়।
আদালত সূত্রে জানা যায়, ঢাকা থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশী আদায়ের অভিযোগ পেয়ে তল্লাশী শুরু করা হয়। ঢাকা থেকে ছেড়ে আসা ডলফিন ও মিজান পরিবহন এ থাকা যাত্রীদের সাথে কথা বলে নির্ধারিত ৭৫০টাকার পরিবর্তে জন প্রতি ১০০০/- টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পরিবহনের সুপারভাইজারদের ২হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন কাউন্টার সংশ্লিষ্টদেরও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্কবার্তা প্রদান করা হয়।