মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় অসহায় এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে অটো রিকশা উপহার দিয়েছে অঙ্কুর ফাউন্ডেশন। সোমবার বাদ আসর উপজেলা পরিষদ এলাকায় ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের কাজীকান্দা গ্রামের অসহায় মো. ফিরোজ ছিফাইয়ের হাতে এ অটো রিকশা তুলে দেওয়া হয়।
জানা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতায় পরিচালিত অঙ্কুর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি অটো রিকশা মো. ফিরোজ ছিফাইকে উপহার দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইমরান হোসেন, সমাজকর্মী সালাউদ্দিন এবং রাকিব হাওলাদার।
অটো রিকশা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মো. ফিরোজ ছিফাই বলেন, “এই সহযোগিতার মাধ্যমে আমার উপার্জনের একটি পথ তৈরি হলো। আমি অঙ্কুর ফাউন্ডেশনের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আল্লাহ যেন সংগঠনের সবাইকে ভালো রাখেন।”
অঙ্কুর ফাউন্ডেশনের প্রতিনিধি মো. ইমরান হোসেন বলেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে অঙ্কুর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। সবার সহযোগিতা পেলে সংগঠনটি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।