BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দশমিনায় চেয়ারম্যান প্রার্থী বাদল খলিফার সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত

 রাকিবুজ্জামান রাকিব দশমিনা, পটুয়াখালী :

 

 

আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ বাদল খলিফার সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বাদ মাগরিব উপজেলার আলীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিসাখালী এলাকায় মরহুম বেনী আমীন খলিফার বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইদ্রিস মোল্লা। সঞ্চালনা করেন মোঃ রাইসুল ইসলাম রাসাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকছেদুল, মোসারেফ ও নিজামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদল খলিফা বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই আজ এ অবস্থানে এসেছি। বিগত দিনে আপনারা আমাকে ভোট দিয়ে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। পরবর্তীতে আমি প্যানেল চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছি। আমি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দল আমাকে বিবেচনা করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে আমার বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি, চাঁদাবাজি কিংবা কোনো অনিয়মের প্রমাণ দিতে পারেন, তাহলে আমি চেয়ারম্যান প্রার্থী হব না। আমি মানুষ, ফেরেশতা নই। দায়িত্ব পালন করতে গিয়ে আমার অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে কিংবা কারও সঙ্গে অন্যায় করে থাকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের মানুষের সেবা ও উন্নয়নে কাজ করার সুযোগ পাব।’

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা বাদল খলিফার পক্ষে নিজেদের সমর্থনের কথা তুলে ধরেন। তারা বলেন, বাদল খলিফা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে ও বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করেছেন। বিভিন্ন সময়ে অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছেন। এসব কারণে তারা আগামী নির্বাচনে তাকে সমর্থন দিতে আগ্রহী বলে জানান।

সভায় উপস্থিত তরুণ ভোটাররাও তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, ‘আমরা নতুন ভোটার। জীবনের প্রথম ভোটটি এলাকার উন্নয়ন ও মানুষের সেবার প্রত্যাশা নিয়ে দিতে চাই। আমরা বাদল খলিফাকে সমর্থন করতে আগ্রহী। তিনি নির্বাচিত হলে তরুণ সমাজের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।’

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »