আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানিয়েছেন, সৌরবিদ্যুতের প্রসারে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রোববার (১ নভেম্বর) রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, জ্বালানির দাম বেড়ে ৩২ ডলারে পৌঁছেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সৌরবিদ্যুতের দিকে এগিয়ে যেতে হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, আগামী গ্রীষ্মে এর মাধ্যমে কিছুটা হলেও লোডশেডিং কমানো সম্ভব হবে।
মন্ত্রী জানান, গত আট মাস ধরে সৌরবিদ্যুৎ নিয়ে কাজ করছে সরকার। এ বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতেই ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর আয়োজন করা হচ্ছে। দেশে সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন প্রথমবারের মতো হচ্ছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন।
গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পল্লী বিদ্যুতের গ্রিড লাইনে বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধান হলে গ্রামাঞ্চলে লোডশেডিং থাকবে না বলে আশা করছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসায় সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এখন নিজ বাসায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করছেন না।
বিদ্যুৎ খাতের অতীত পরিস্থিতি তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ বলেন, গত ১৭ বছরে বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের কথা বলা হলেও অনিয়ম ও লুটপাটের ফল এখন ভোগ করতে হচ্ছে।
