BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দেশের চিকিৎসা ভালো হওয়ায় বিদেশমুখিতা কমেছে: সমাজকল্যাণমন্ত্রী

দেশের চিকিৎসাব্যবস্থা আগের তুলনায় উন্নত হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসাইন। তিনি বলেন, হৃদ্‌রোগের চিকিৎসায় দেশে আধুনিক সুযোগ-সুবিধা তৈরি হয়েছে এবং হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য এখন বিদেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না।

শুক্রবার সকালে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে কার্ডিয়াক সার্জারি বিভাগের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশে হৃদ্‌রোগের চিকিৎসায় দিন দিন আধুনিক সুযোগ-সুবিধা বাড়ছে। চিকিৎসক ও সার্জনদের সক্ষমতাও রয়েছে। তবে এসব দক্ষতা ও সুযোগকে সর্বোচ্চ কাজে লাগাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও ভিশনারি পরিকল্পনা।

তিনি বলেন, দেশে হৃদ্‌রোগের প্রকোপ বাড়লেও হার্টের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য আগের মতো বিদেশমুখী হওয়ার প্রয়োজন হচ্ছে না। দেশের হাসপাতালগুলোতেই এখন অনেক ধরনের আধুনিক চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে।

দেশে পর্যাপ্ত সংখ্যক সার্জন ও অধ্যাপক থাকার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে চিকিৎসাসেবার আউটপুট আরও বাড়াতে হবে। এজন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে সরকারের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রোগীর প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টা সেবা চালু রাখতে হবে। বিশেষ করে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।

মন্ত্রী জানান, জরুরি সেবা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন চালু রাখার পাশাপাশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর দ্রুত পরীক্ষা-নিরীক্ষা শেষ করতে হবে। তাঁর মতে, রোগী ভর্তির দুই ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ওয়ার্কআপ সম্পন্ন এবং ছয় ঘণ্টার মধ্যে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা থাকা উচিত।

চিকিৎসকদের দক্ষতা, আধুনিক প্রযুক্তি ও হাসপাতালের সুযোগ-সুবিধার সমন্বয় ঘটিয়ে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করেন সমাজকল্যাণমন্ত্রী।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »